ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীর মাথা ফাটালেন দন্ত চিকিৎসক

লালমনিরহাটে এক দন্ত চিকিৎসক তার রোগীকে মাথা ফাটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত রোগীকে রক্তাক্ত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান তার পরিবার।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিশনমোড় এলাকায় জামান কমপ্লেক্সে নামে তার নিজস্ব চেম্বারে এ ঘটনা ঘটে। আহত রোগী হলেন সাপ্টীবাড়ী ইউনিয়নের চওড়া টারী গ্রামের মজিদুল (৩৭)
মজিদুলের স্ত্রী জানান, চিকিৎসক রাশেদ জামান প্রতি মাসে দাঁত ওয়াশ করার নাম করে দুই হাজার টাকা নিতেন। তবে কিছুদিন পরই পুনরায় প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হলে চিকিৎসা নিতে স্বামীকে নিয়ে আজ তার দন্ত চেম্বারে যান। এরপর টাকার প্রসঙ্গ তুলে উত্তেজিত হয়ে পেপার ওয়েট দিয়ে রোগী মজিদুলের মাথায় আঘাত করেন ডাঃ রাশেদ। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, তারা দেখেন আহত রোগীকে স্ত্রী ধরে পাশের একটি ক্লিনিকে নিয়ে যাচ্ছেন। এসময় তারা শুনতে পান রোগী চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে ডাক্তার ক্ষিপ্ত হয়ে মারধর করেন এবং মাথা ফাটিয়ে আহত করেন। এ ঘটনার পরপরই চিকিৎসক রাশেদ জামান দ্রুত সটকে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চেম্বারের দরজায় তালা ঝুলতে দেখতে পেয়ে চলে যান।

এ বিষয়ে ডাঃ রাশেদ এর ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। তিনি স্থানীয় রিসেন্ট ডায়াগনস্টিক ও ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা দেন বলে জানা যায়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী ইসলাম বলেন, “ভুক্তভোগীর পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”