ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে জয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। নির্বাচনী প্রচারণার সময় পোস্টারে তার হিজাব বিকৃতির ঘটনা আলোচনায় আসে, যা নিয়ে শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা তামান্না বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর সিনেট ভবনে ফলাফল ঘোষণা করা হয়। তামান্না পেয়েছেন ১০ হাজার ৮৪ ভোট, যা এই নির্বাচনে সর্বোচ্চ। ফল ঘোষণার পর সিনেট ভবনে ‘হিজাব হিজাব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রচারণার প্রথম দিনেই ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ বোর্ড ভাঙচুর ও তামান্নার পোস্টার বিকৃতির ঘটনা ঘটে। হিজাব নিয়ে ব্যঙ্গ করা হলেও তিনি সেই ছবিকে প্রচারণার অংশ বানিয়ে ২৬ আগস্ট ফেসবুকে লেখেন, “স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।” শিক্ষার্থীরা তখন এ ঘটনাকে নারীর পোশাক স্বাধীনতা ও মর্যাদার প্রতি অবমাননা হিসেবে নিন্দা জানান।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই ডাকসু ও হল সংসদ নির্বাচনে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ৮০ শতাংশের বেশি ভোট প্রদান করেছেন।