১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে খুলনার নিউমার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনই দেশের জন্য সবচেয়ে নিরাপদ।” তিনি জানান, এই পদ্ধতির বাস্তবায়নের লক্ষ্যে দলটি আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবে।
তিনি বলেন, “সরকার যদি এই দাবি না মানে, তবে গণভোটের আয়োজন করতে হবে। জনগণ যদি পিআর পদ্ধতি চায়, আমরা তা গ্রহণ করব। আর না চাইলে, করব না।”
বিএনপির ভোটভিত্তিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “একসময় ভোট ছিল মুসলিম লীগের, পরে আওয়ামী লীগের, এরপর বিএনপির, তারপর জাতীয় পার্টির। এখন ভোট জোটের। ভোট কোনো দলের পৈতৃক সম্পত্তি নয় — জনগণ দেখবে, কার কাছে তাদের নিরাপত্তা আছে।”
বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, “যার কাছে আমার জানমাল, ইজ্জত-আব্রু নিরাপদ থাকবে, তাকেই আমি ভোট দেব। ডিজিটাল যুগে আগের হিসাব চলে না। আওয়ামী লীগ ১৭ বছর ধরে যে জুলুম-অত্যাচার করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত মানুষ তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “ভোট না দিলে সেন্টার থেকে ফিরতে দেবে না— এই ধরণের হুমকির দিন শেষ। খুলনায় একসময় গুন্ডাদের রাজত্ব ছিল, এখন মানুষ আর ভয় পায় না। শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হয়েছে।”
সমাবেশে সভাপতিত্ব করেন দলের খুলনা মহানগরের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন।