জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে টানা ৪৪ ঘণ্টার গণনা শেষে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। মাজহারুল ইসলাম পেয়েছেন ৩,৯৩০ ভোট।
মাজহারুল ইসলাম আলোচনায় আসেন তাঁর ছোট ভাই হাসনাতুল ইসলাম ফাইয়াজের মাধ্যমে, যিনি জুলাই আন্দোলনের সময়কার একটি ভাইরাল ছবিতে প্রিজনভ্যান থেকে নামানো অবস্থায় দেখা গিয়েছিলেন। সেই কিশোরের গায়ে ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি, দুই হাত বাঁধা সাদা রশিতে। ফাইয়াজ তখন ছিলেন ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ভাইয়ের বিজয়ে উচ্ছ্বসিত ফাইয়াজ নিজের ফেসবুক পোস্টে লেখেন, “একদিন আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? কোনো দ্বিধা না করে তিনি বলেছিলেন, ‘ফাহিম’। সেই আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস নির্বাচনে জয়ী হয়েছেন।”
ফাইয়াজ আরও লিখেছেন, তাঁর ভাই শান্তিপূর্ণ ক্যাম্পাস, মতামতের বৈচিত্র্য এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আপসহীন থাকবেন। মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় জীবনে বিএনসিসি প্লাটুনের সিইউও, বিতর্ক সংগঠন জেইউডিওর সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও একাডেমিক প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করেছেন।
জুলাই আন্দোলনের সময়কার স্মৃতিচারণে ফাইয়াজ জানান, তাঁকে নির্যাতন করে ভাইয়ের অবস্থান জানতে চাওয়া হয়েছিল, কিন্তু কৌশলী হওয়ায় মাজহারুল ইসলামকে আটক করা সম্ভব হয়নি।