দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশেষে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ১৭ সেপ্টেম্বর রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে। এরপর ধাপে ধাপে তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, মনোনয়ন জমা ও যাচাই-বাছাইসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।
জকসু নির্বাচনের দাবির পাশাপাশি শিক্ষার্থীরা আরও তিনটি বিষয় নিয়ে আন্দোলন করছিলেন—সম্পূরক বৃত্তির কার্যকারিতা, ক্যাফেটেরিয়ায় স্বাস্থ্যকর খাবার, এবং লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা। প্রথমদিকে প্রশাসনের বিবৃতিতে আন্দোলনকারীরা সন্তুষ্ট হননি। তাদের অভিযোগ ছিল, ঘোষণায় অস্পষ্টতা রয়েছে—কোন শিক্ষার্থী সুবিধা পাবে, কত টাকা দেওয়া হবে, এসব বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছিল না।
পরবর্তীতে প্রশাসন থেকে বিস্তারিত ঘোষণা আসলে অনশনরত শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের দাবি আমরা লিখিতভাবে মেনে নিয়েছি। আমি নিজে তাদের কাছে গিয়েছি, অনশন ভাঙার অনুরোধ করেছি। নির্বাচন হবে ২৭ নভেম্বর, সবকিছুই এখন পরিষ্কার।”
এর আগে, ১৬ সেপ্টেম্বর থেকে শাখা ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পাঁচ নেতা অনশন শুরু করেন। একই দিনে জবি শাখা ছাত্রশিবিরের নেতারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইউজিসি চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির অর্থ নভেম্বরে প্রদান এবং জকসু নীতিমালা দ্রুত বিধি আকারে প্রণয়নের চেষ্টা চলছে।