সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ফটোগ্রাফি প্রতিযোগিতা “এক ক্লিকে গল্প” অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে অতীত দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) শুভ্র মঞ্চ চত্বরে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ফটোগ্রাফি প্রতিযোগিতা “এক ক্লিকে গল্প”। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজনে অতিথি, শিক্ষক-শিক্ষার্থী সবাই উপভোগ করেন ক্যামেরার চোখে ধরা নানা গল্প ও বাস্তবতার প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “ছবি তোলা বা ফটোগ্রাফি একটি শিল্প। এই শিল্পকে আমাদের কাজে লাগাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব কামরুজ্জামান লিটু। তিনি বলেন, “ছবি কথা বলে, আর ফটোগ্রাফার ছবির মাধ্যমে বাস্তবতা তুলে ধরেন।”

আরো বক্তব্য রাখেন সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চিফ একাডেমিক অ্যাডভাইজার ড. এবিএম শহিদুল্লাহ, সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার, জার্নালিজম ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর জোবায়ের আহমেদ এবং প্রভাষক কেয়া বোস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের তোলা ছবির প্রদর্শনী শেষে বিচারকরা সেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করেন।
প্রথম স্থান: রোমান রায়হান (জার্নালিজম বিভাগ)
দ্বিতীয় স্থান: মামুনুর রশিদ (সিএসই বিভাগ)
তৃতীয় স্থান: আমানুর রহমান (বিবিএ বিভাগ)
বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ইমাম হাসান।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা শুধু ছবি তোলার আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, সৃজনশীলতা ও বাস্তবতাকে ফুটিয়ে তোলার একটি অনন্য প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের অর্থবহ আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।