কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে একই রাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে গভীর শোকের সৃষ্টি করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শম্ভু চরণ বিশ্বাস (৭২) পূজা উপলক্ষে বাড়ির একটি ছাগল স্থানীয় বাজারে বিক্রি করেন। রাত সাড়ে নয়টার দিকে তাঁর ছেলে বিজয় কুমার বিশ্বাস বিক্রির অর্ধেক টাকা দাবি করেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে শম্ভু চরণ অসুস্থ হয়ে পড়েন এবং রাত সাড়ে ১১টার দিকে মারা যান।
পরিবারের সদস্যরা জানান, বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন বিজয়। কিছুক্ষণ পর বাড়ির পেছনে একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, বাবার মৃত্যু শোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।