ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দিনাজপুর, ৩০ সেপ্টেম্বর ২০২৫

হাকিমপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে করাতকল ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সহকারী তহশিলদারের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ জমা।

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় করাতকল ব্যবসায়ী জসিম উদ্দিন ও গোলাপ হোসেন অভিযোগ করেছেন, ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে তাদের কাছ থেকে ৫৫ হাজার টাকা নেওয়া হয়েছে। তারা লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ জমা দিয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, সহকারী তহশিলদার জিল্লুর রহমান প্রথমে ফোন করে জানান একজন ম্যাজিস্ট্রেট তাদের সঙ্গে কথা বলবেন। কিছুক্ষণের মধ্যেই অপরিচিত ব্যক্তি ফোনে অভিযান ও শাস্তির হুমকি দিয়ে টাকা দাবি করেন।

ব্যবসায়ীরা ভয়ে পড়ে দ্রুত বিকাশের মাধ্যমে ০১৬২৪৯৮২০৬১ নম্বরে টাকা পাঠান। পরে নম্বর বন্ধ হয়ে গেলে তারা বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে সহকারী তহশিলদার জিল্লুর রহমান বলেন, “আমাকে একজন ব্যক্তি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে ফোন দিয়ে ব্যবসায়ীদের নম্বর চেয়েছিলেন। আমি সরল বিশ্বাসে নম্বর দিয়েছি।”

হাকিমপুর ভূমি সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন জানান, তার নিকট অভিযোগ আসেনি। তবে ইউএনও’র কাছে অভিযোগ জমা হয়েছে এবং স্থানীয় থানা তদন্ত করছে।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি যোগ করেন, প্রাথমিকভাবে সহকারী তহশিলদার সরল বিশ্বাসে নম্বর দিয়েছেন বলে জানা গেছে।