ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলকে ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামি গাজীপুরে গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ছাগলকে ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাহ-আলম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (১ অক্টোবর) রাতে গাজীপুরের বাসন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে শাহ-আলমের ছাগল গোবিন্দ ঘরামির জমিতে প্রবেশ করে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে গুরুতর আহত হন শাহ-আলম। দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

প্রথমে হামলার মামলা হলেও পরে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ঘটনার পর থেকেই প্রধান আসামি গোবিন্দ ঘরামি পলাতক ছিলেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,
“তথ্যপ্রযুক্তির সহায়তায় গোবিন্দ ঘরামির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে গাজীপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”