শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চকভোলা খাঁ এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু ওই রাতে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নিজ গ্রামে অবস্থান করছিলেন। খবর পেয়ে এসআই আল মামুনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল তাকে গ্রেপ্তার করতে যায়। গ্রেপ্তারের পর রাজুকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় কয়েকশো আত্মীয়-স্বজন পুলিশের ওপর হামলা চালায়।
হামলার একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় রাজুকে ছিনিয়ে নিয়ে যায় তার স্বজনরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন তিন সদস্য। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ ১৬টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “ঘটনার পরপরই ওই গ্রাম ঘিরে অভিযান শুরু হয়েছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রকাশ্য হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও রাজনৈতিক প্রভাবের প্রশ্ন তুলেছে।