যশোরের অভয়নগরে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার লুটের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সংলগ্ন সড়কে ৬২ বছর বয়সী সুষমা মল্লিক নামে এক নারী প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকার হারান।
ভুক্তভোগী সুষমা মল্লিক উপজেলার বুইকারা গ্রামের পালপাড়া এলাকার মৃত সাধু রঞ্জন মল্লিকের স্ত্রী। তিনি জানান, রান্নার জন্য গ্যাস সিলিন্ডার কিনতে বাজারে যাচ্ছিলেন। পথে বোরকা পরা দুই নারী তাকে ডেকে একটি গলিতে নিয়ে যায়। সেখানে এক নারী তার নাকের সামনে কিছু ছিটিয়ে দিলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে গলায় থাকা চেন, হাতের বালা ও কানের দুল খুলে নিয়ে পালিয়ে যায় প্রতারকরা। কিছু সময় পর জ্ঞান ফিরলে তিনি বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
ভুক্তভোগীর মেয়ে জামাই, নিউরোলজি বিশেষজ্ঞ ডা. সুরজিৎ হালদার অভিযোগ করেন, আন্তর্জাতিকভাবে পরিচিত ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ নামক মাদক ব্যবহার করে প্রতারকরা এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, “আমার শাশুড়ির কাছ থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, “ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়ভাবে আলোচিত এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী বলছে, এ ধরনের প্রতারণা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে হবে।