ফেনীর সোনাগাজীতে একাধিক মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে এ হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন এবং একটি শটগান ও ওয়াকিটকি ছিনতাই হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাগাজী মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল চিহ্নিত ডাকাত জাহেদুল ইসলাম রিপন (৩৮)-কে গ্রেপ্তার করে। তাকে থানায় নেওয়ার পথে তার স্বজনরা অতর্কিত হামলা চালিয়ে অস্ত্র ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় এবং রিপনকে মুক্ত করে নিয়ে যায়।
হামলায় এএসআই সাইদুর রহমান, মোফাজ্জেল হোসেনসহ ছয় পুলিশ সদস্য আহত হন।
পরবর্তীতে, সোনাগাজী থানার অতিরিক্ত পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে রিপনকে পুনরায় গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ছিনতাই হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত করছি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রিপনের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত আছে।”