শরীয়তপুরের নড়িয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে মৎস্য বিভাগ। আকাশপথে ড্রোন উড়িয়ে নদীপথে চলছে ২৪ ঘণ্টার নজরদারি, যা অবৈধ ইলিশ শিকার প্রতিরোধে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানে অংশ নিয়েছে মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
এবারের বিশেষ উদ্যোগে পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কোনো সন্দেহজনক নৌকা বা জেলে ড্রোনচিত্রে ধরা পড়লেই সঙ্গে সঙ্গে স্পিডবোটে অভিযান চালানো হচ্ছে।
নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন মৃধা বলেন, “এবারই প্রথম আমরা ড্রোন ব্যবহার করছি। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা রক্ষায় এই প্রযুক্তি আমাদের বড় সহায়ক হবে।”
প্রশাসন জানিয়েছে, সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময়ে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।