ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ফুটপাথে সন্তান জন্ম দিয়ে হাসপাতালে নবজাতক রেখে নিখোঁজ মা, দত্তকের আগ্রহ ১০ পরিবারে

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে ঘটে এক মানবিক ও হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের সামনে ফুটপাথেই সন্তান প্রসব করেন এক অজ্ঞাত নারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রসব যন্ত্রণায় কাতর ওই নারীর কান্না শুনে ছুটে যান আশপাশের মানুষ। কিছুক্ষণের মধ্যেই ফুটপাথেই জন্ম নেয় একটি ফুটফুটে কন্যাশিশু।

স্থানীয়রা মা ও নবজাতককে দ্রুত ‘কেয়ার হাসপাতাল’-এ ভর্তি করেন। তবে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতক থাকলেও তার মা নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিশুটি বর্তমানে সুস্থ আছে। সকাল থেকেই অনেকেই দত্তক নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন।”

তিনি আরও জানান, “উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে যাচাই-বাছাই শেষে শিশুটিকে একজন দায়িত্ববান ও স্নেহশীল অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “এ পর্যন্ত দশটি পরিবার মৌখিকভাবে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি গুরুত্বসহকারে যাচাই করা হচ্ছে।”

বর্তমানে নবজাতকটি স্থানীয় নার্সদের তত্ত্বাবধানে রয়েছে। প্রশাসন শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখছে।