কুড়িগ্রাম, ২২ অক্টোবর ২০২৫: দিনমজুর পরিবারের সন্তান সালমান ফারসী বুলু রাজমিস্ত্রির কাজ করে এবারের আলিম পরীক্ষায় জিপিএ‑৫ অর্জন করেছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধণিরাম গ্রামের এই শিক্ষার্থীর সাফল্যে আনন্দিত তার পরিবার ও স্থানীয়রা। তবে অভাবের কারণে উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে বুলুর পরিবার।
সালমানের বাবা আবেদ আলী ও মা দুলালী বেগম জানান, মাত্র ৮ শতক জমির ওপর তাদের বসতভিটা। সংসার চলে দিনমজুরির আয়ে। তিন ভাই‑বোনের মধ্যে সবার ছোট সালমান ‘শাহবাজার এ এইচ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’ থেকে আলিম পরীক্ষায় জিপিএ‑৫ পেয়েছে।
সালমান বলেন, “নবম শ্রেণিতে পড়ার সময় বুঝি, এসএসসির ফরম ফিলাপের টাকা না জোগাড় হলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। অনেক মেধাবী ছেলেকে দেখেছি অর্থের অভাবে পড়া ছেড়ে দিতে। তাই শিক্ষকদের না জানিয়ে এক বছর রাজমিস্ত্রির কাজ করি, টাকা জমিয়ে বাড়ি ফিরে এসএসসি পরীক্ষা দিই।”
তিনি আরও জানান, শিক্ষকরা নানাভাবে সহযোগিতা করেছেন। এসএসসিতে জিপিএ‑৫ পাওয়ার পর এবার আলিমেও একই ফলাফল এসেছে। “স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার, তবে এখন বিশ্ববিদ্যালয় কোচিংয়ে ভর্তি হয়েছি। ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে পরে মেডিকেলেও চেষ্টা করবো। আগে নিজেকে প্রতিষ্ঠিত করে পরিবারকে সহযোগিতা করতে চাই,” বলেন সালমান।
তার মা দুলালী বেগম বলেন, “ছেলের কোচিংয়ের জন্য ২৫–৩০ হাজার টাকা দরকার। বাড়ির খড়ের গাদা ৮ হাজার টাকায় বিক্রি করেছি, এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছি।”
সালমানের বড় ভাই দুলু মিয়া বলেন, “অর্থকষ্টে আমি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছি। সালমান খুব মেধাবী। যতটুকু পারি, তাকে সহযোগিতা করছি। তবে সামর্থবানরা পাশে থাকলে সে নিশ্চিন্তে পড়তে পারবে।”
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম মিয়া বলেন, “গত বছর দাখিলে জিপিএ‑৫ পেয়েছিল, এবার আলিমেও পেয়েছে। তার সাফল্যে আমরা গর্বিত। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সে এগিয়ে যাচ্ছে। সরকার ও সমাজের বিত্তবানদের উচিত তার পাশে দাঁড়ানো।”