ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন অগ্রগতি ঘটেছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় আসামি তালিকাভুক্ত তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ।
এর আগে ২২ অক্টোবর রমনা থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল আলম খন্দকার আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সামিরা ও আশরাফুল হক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তারা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এতে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর প্রথমে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। তবে সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এর পর ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সামিরাসহ মোট ১১ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আসামিদের তালিকায় রয়েছেন শিল্পপতি ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ (১৭)। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।