ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূয়া মৃত্যু সনদ দিয়ে জালিয়াতি করে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মৃত জয়তুন নেছার মৃত্যুর তারিখ জাল করে ভুয়া মৃত্যু সনদ ও কবরস্থানের রশিদের মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রকৃতপক্ষে জয়তুন নেছা ২০০৭ সালের ফেব্রুয়ারিতে মারা গেলেও, মামলায় তাকে ২০০৬ সালের জানুয়ারিতে মৃত দেখানো হয়েছে।
জানা যায়, জয়তুন নেছার বাবার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার লোনসিং গ্রামে। তিনি ২০০৬ সালের ১৫ নভেম্বর তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ভাতিজা দিদার খালাসীর নামে দলিল করে দেন। এরপর ২০০৭ সালের ১৪ জানুয়ারি তিনি তার আরেক ভাতিজা নাসির খালাসীর বিয়েতে অংশ নেন। বিয়ের অনুষ্ঠান শেষে প্রায় দুই সপ্তাহ পর স্বামীর বাড়ি নড়িয়ার বিঝারী ইউনিয়নের মান্ডা গ্রামে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ২০০৭ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মৃত্যুবরণ করেন।
জয়তুন নেছার ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ভাইয়ের স্ত্রী বিলকিস বেগম, আয়শা বেগম, সাহিদা বেগম ও পারভীন বেগমসহ একাধিক প্রত্যক্ষদর্শী স্বজন। তারা সবাই জয়তুন নেছার মৃত্যুর প্রকৃত সময়ের সাক্ষ্য দিয়েছেন।
অভিযোগ রয়েছে, জয়তুন নেছার ওয়ারিশগণ সম্প্রতি বিঝারী ইউনিয়ন পরিষদ থেকে একটি ভুয়া মৃত্যু সনদ এবং স্থানীয় মান্ডা মাদরাসা কবরস্থানের একটি রশিদ ব্যবহার করে দলিল বাতিলের মামলা দায়ের করেছেন। ওই সনদ ও রশিদে উল্লেখ করা হয়েছে— জয়তুন নেছা ২০০৬ সালের ২১ জানুয়ারি, অর্থাৎ দলিল সম্পাদনের ১১ মাস আগেই মারা গেছেন।
তবে অনুসন্ধানে দেখা গেছে, মৃত্যু সনদ ও কবরস্থানের রশিদের কোনো সত্যতা পাওয়া যায়নি। বিঝারী ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ইউনিয়নের মৃত্যু নিবন্ধন খাতায় জয়তুন নেছার মৃত্যুর কোনো রেকর্ড নেই।
এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, “জয়তুন নেছার মৃত্যুর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। মৃত্যুসনদটি আমি ইস্যু করিনি।”
অপরদিকে, কবরস্থানের রশিদের বিষয়ে মান্ডা মাদরাসায় গিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। কবরস্থানের সভাপতি জামাল শেখ বলেন,“২০০৬-০৭ সালের দাফনের কোনো রেজিস্টার আমাদের কাছে সংরক্ষিত নেই। তবে যে রশিদটি নিয়ে কথা হচ্ছে, এটি আমার কাছে সঠিক মনে হয়নি। কারণ আমরা আগে যেসব রশিদ ব্যবহার করেছি বা এখন করি, সেগুলোর ডিজাইন একেবারেই ভিন্ন। সম্ভবত কেউ জালিয়াতি করে এটি বানিয়েছে।”
অভিযোগের বিষয়ে দিদার খালাসী বলেন,“আমার ফুফুর কাছ থেকে আমি নগদ টাকা দিয়ে সম্পত্তি কিনেছি। তিনি আমার আপন ফুফু হওয়ায় বিক্রয় দলিল না করে হেবা দলিল করেছেন। আমাকে দলিল করার প্রায় দুই মাস পর আমার চাচাতো ভাই নাসিরের বিয়ে হয়—সেই অনুষ্ঠানে আমার ফুফু উপস্থিত ছিলেন। আমাদের বাড়ির কয়েকশ মানুষ বিয়েতে অংশ নেন। এখন আমার ফুফাতো ভাই-বোনেরা মিথ্যা অভিযোগ তুলে আমার বৈধ সম্পত্তি দখলের চেষ্টা করছে।”
অন্যদিকে, জয়তুন নেছার জামাতা মো. হারুন বলেন,“দিদার খালাসী আমার শাশুড়ির মৃত্যুর পর জালিয়াতি করে দলিল করেছে। আমার শাশুড়ি দলিল হওয়ার ১১ মাস আগেই মারা গেছেন। আমরা আমাদের প্রাপ্ত ওয়ারিশ পাওয়ার জন্য মামলা করেছি।”