রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়েছে গণভোটকে ঘিরে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা। রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নিজেদের অবস্থান তুলে ধরে একে অপরের বিপরীতে প্রচারণায় নেমেছেন।
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিরোধিতা করে ‘না’ পোস্ট দিচ্ছেন। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে অবস্থান নিয়ে ‘হ্যাঁ’ প্রচারণা চালাচ্ছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার ব্যক্তিগত প্রোফাইলে ‘না’ পোস্ট দিয়ে এ প্রচারণায় যুক্ত হয়েছেন। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘হ্যাঁ’ লিখে প্রকাশিত পোস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে।
এদিকে জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তরের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে সকালে একই সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল। কমিশন নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগেরও তাগিদ দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ফেসবুকে হ্যাঁ-না পোস্টের এই প্রতিযোগিতা শুধু অনলাইন প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নয়; এটি জাতীয় রাজনীতির মাঠেও নতুন বিতর্ক ও বিভাজন তৈরি করতে পারে।