বগুড়া, ২৯ অক্টোবর ২০২৫ (বুধবার) — বগুড়ার গাবতলী ও সোনাতলায় মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল কর্মী মতিয়ার রহমান ও গৃহহীন প্রতিবন্ধী নারী মমেরন বেওয়ার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
গাবতলীর লাংলুহাট এলাকায় মতিয়ার রহমানকে মালপত্রসহ একটি দোকানঘর প্রদান করা হয়। অন্যদিকে সোনাতলার মমেরন বেওয়ার জন্য নির্মিত হয়েছে একটি বাড়ি, গোসলখানা ও নিরাপদ টিউবওয়েল। একই দিনে স্থানীয় কয়েক’শ মানুষের মধ্যে শীতবস্ত্রও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় তিনি উপকারভোগীদের হাতে উপহার তুলে দেন।
উপহার প্রদানকালে মোনায়েম মুন্না বলেন, “গাবতলী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পূণ্যভূমি। দীর্ঘদিন রাজনৈতিক বৈষম্যের কারণে এ অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। তবে সেই অন্ধকার কেটে গেছে। তারেক রহমানের নেতৃত্বেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে।”
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে জনগণ তিনটি নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত।
উপহারপ্রাপ্ত মতিয়ার রহমান জানান, “প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যখন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলাম, তখন ভাবিনি কেউ পাশে দাঁড়াবে। আজ দোকানঘর পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।”
অন্যদিকে মমেরন বেওয়ার স্বজনরা বলেন, “একজন প্রতিবন্ধী নারী হিসেবে তার নিজের বাড়ি হবে—এটি কখনো কল্পনাও করিনি। যুবদলের এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদ।”
জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান জানান, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানবিক উদ্যোগও তারা অব্যাহত রেখেছেন। তাদের ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারও জীবনে আলো জ্বালাতে পারে, সেটিই হবে সবচেয়ে বড় সাফল্য।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।