ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইদ আহমেদ আসলামকে শরীয়তপুর-১ আসনের প্রার্থী পরিচয় করিয়ে দিলেন নুরুদ্দিন অপু

২০১৮ সালের পর প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুরের কৃতি সন্তান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু-র শরীয়তপুরে আগমনে জনতার ঢল নেমেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে তিনি ঢাকা থেকে গাড়িযোগে নিজ জেলা শরীয়তপুরের উদ্দেশে রওনা হন। পদ্মা সেতু পার হওয়ার পর থেকেই শরীয়তপুরের বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে তিনি শরীয়তপুরের বিভিন্ন স্থানে একাধিক পথসভায় বক্তব্য রাখেন। যেখানেই যান, সেখানেই জনতার ঢল নামে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত হন।

পথসভাগুলোতে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন,

“২০১৮ সালে তারেক রহমানের নির্দেশে মানুষের সেবা করতে গিয়েছিলাম। তখন কিছু ষড়যন্ত্রকারী আমাকে হত্যার চেষ্টা করেছিল। দীর্ঘ আট বছর কারাভোগ করেছি। তখন আমার ছেলে হাসপাতালে অসুস্থ ছিল, তবুও তারেক রহমান আমাকে বলেছিলেন— মানুষকে ভালোবাসো, সেবায় নিয়োজিত থাকো। আমি তাই করেছি। কিন্তু আমাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, যেন শরীয়তপুর-৩ আসনের মানুষকে ভালোবাসতে না পারি। মানুষকে ভালোবাসতে গেলে যদি হত্যা করতে হয়, তবে সেটা কেমন রাজনীতি? বিএনপি কখনো হিংসাত্মক রাজনীতি করে না, বরং ঘৃণা করে।”

তিনি আরও বলেন,

“আমরা প্রমাণ করব— বিএনপির কাছেই মানুষ নিরাপদ। আগামী নির্বাচনে তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। শরীয়তপুরের তিনটি আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবে। আমরা সবাই মিলে শরীয়তপুরকে বাংলাদেশের মডেল জেলা হিসেবে গড়ে তুলবো।”

এ সময় তিনি শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম-কে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি একেএম নাসির উদ্দীন কালু, সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও মাহবুব আলম তালুকদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, কৃষক দলের সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, মহিলা দলের সমাজকল্যাণ সম্পাদক সাথী হিরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।