২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, কারাগারে থাকা ভোটাররাও এবার ভোট দিতে পারবেন।
শুক্রবার (৩১ অক্টোবর) পটুয়াখালী সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “যারা কারাগারে রয়েছেন, তারাও যাতে ভোট দিতে পারেন—সে ব্যবস্থা আমরা করেছি।”
তিনি আরও জানান, রমজান শুরুর আগেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে দেশব্যাপী প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। প্রিসাইডিং, পোলিং ও রিটার্নিং অফিসারদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বিধা ও শঙ্কা দূর করা হচ্ছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের আগে না পরে গণভোট হবে—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেটিও আমাদের জানানো হয়নি।”
ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
নির্বাচনি প্রতীক বিষয়ে তিনি বলেন, “বিধিমালায় সময় সময় প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়। পরামর্শ অনুযায়ী কিছু পুরোনো প্রতীক বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করা হয়েছে, যার মধ্যে ‘শাপলা কলি’ রয়েছে।”
ভোটার তালিকা হালনাগাদ নভেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। ভোটকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়েছে, আসন বিন্যাস শেষ হয়েছে এবং সাংবাদিক ও পর্যবেক্ষকদের নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।
প্রবাসী ভোটারদের নিবন্ধন মধ্য নভেম্বর থেকে শুরু হবে। তারা যেন ভোট দিতে পারেন—সে লক্ষ্যে কার্যক্রম শুরু হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি।