ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের প্রয়োজন নেই, গণতন্ত্রের জন্য কার্যকর সংসদ দরকার: প্রেসক্লাবে মেজর (অব.) হাফিজের বক্তব্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই। প্রয়োজন একটি সংসদ, যারা গণতন্ত্র বাস্তবায়ন করবে।”

শনিবার (১ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধাদের অবদানকে ভুলিয়ে দিতে চায়। “এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না। একাত্তরের সংগ্রামকে হেয় করার চেষ্টা চলছে। অনেক ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, যার সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা চলে না,” বলেন হাফিজ।

তিনি আরও বলেন, “ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে। যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তবে তা প্রতিহত করা হবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি নির্বাচন হওয়ার স্বার্থে অনেক কিছু মেনে নিয়েছে। ঐকমত্য কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক বিষয়গুলো পুনর্বিবেচনা করবে।”

কলকাতায় আওয়ামী লীগের অফিস নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা প্রতিটি প্রদেশে অফিস নেন, রেজিস্ট্রেশন নেন, ভারতে মিশে যান। বাংলাদেশে আপনাদের প্রয়োজন নেই।”

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, “একাত্তরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কেউ কেউ ক্ষমতায় গিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের স্বপ্ন দেখেন। বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়েই সরকার ভোট দিতে চায় না।”

তিনি আরও বলেন, “২৮ অক্টোবর বিএনপির ওপর গুলি চালানো হয়েছে, অথচ জামায়াত নির্বিঘ্নে সমাবেশ করেছে। তারা জনগণের ম্যান্ডেট নিতে ভয় পায়।”

জামায়াত প্রসঙ্গে সালাম বলেন, “বিএনপির ছায়ায় থেকে খেলেছেন, মন্ত্রী হয়েছেন, টাকা কামিয়েছেন—এখন বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটি ষড়যন্ত্র। জামায়াত সবসময় বিশ্বাসঘাতকতা করেছে। বোধ থাকলে খালেদা জিয়ার কাছে যান।”