পাবনার চরতারাপুর ইউনিয়নের ভাদুড়ীডাঙ্গি গ্রামে মর্মান্তিক এক হত্যাকাণ্ড ঘটেছে। রোববার (২ নভেম্বর) রাতে এশার নামাজ আদায়রত অবস্থায় নিজাম প্রামাণিক (৬০) নামের এক চায়ের দোকানদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে মোস্তফা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিজাম প্রামাণিক দীর্ঘদিন ধরে নবীন বাজার এলাকায় চায়ের দোকান চালাতেন। তার ছেলে মোস্তফা আগে পারিবারিক কাজে সহযোগিতা করলেও সম্প্রতি মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে। প্রায়ই সে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করত। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রোববার রাতে নামাজরত বাবার ওপর হামলা চালায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান নিজাম।
ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে আটক করে একটি কক্ষে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সে ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্যকে আহত করে। পরে তাকে নিয়ন্ত্রণে নিয়ে থানায় আনা হয়।
নিহতের ছেলে মিজানুর রহমান বলেন, “আমার বাবাকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে। সে প্রায়ই মাদকের টাকার জন্য আমাদের ওপর চাপ সৃষ্টি করত। না দিলে বাড়িতে ভাঙচুর চালাতো।”
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে মোস্তফা। তাকে আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, মাদকের ভয়াবহতা পরিবার ও সমাজকে ধ্বংস করছে, যা রোধে কঠোর পদক্ষেপ প্রয়োজন।