বরিশাল, ৩ নভেম্বর ২০২৫:
বরিশালের উজিরপুর উপজেলার মুগাকাঠি গ্রামে ইঁদুর তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ পেতে নিজেরই পাতানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৭৫ বছর বয়সী কৃষক মুজাই মৃধা।
সোমবার দুপুরে বাড়ির পাশের জমিতে ধান রক্ষায় ব্যবহৃত বৈদ্যুতিক ফাঁদে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন তিনি। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই জমিতে প্রবেশ করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মুজাই মৃধা ওই গ্রামের কাশেম মৃধার ছেলে। প্রতিবেশীরা জানান, তিনি নিয়মিতভাবে ইঁদুর তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করতেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানায় নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “ইঁদুরের হাত থেকে ধানের বীজ রক্ষায় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।” এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় কৃষকদের মতে, ইঁদুরের আক্রমণ থেকে ফসল রক্ষা করতে অনেকেই এমন ঝুঁকিপূর্ণ পদ্ধতি অবলম্বন করেন, যা প্রাণঘাতী হতে পারে।