ঢাকা, ৪ নভেম্বর ২০২৫:
সরকার ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে—নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট গঠন করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ নিজ দলের প্রতীকেই।
সোমবার আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত দলগুলোর প্রার্থীরা অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবেন না।
গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বিএনপি সংশ্লিষ্ট ২০ অনুচ্ছেদে আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।
নতুন বিধান অনুযায়ী, জোটভুক্ত দলগুলোর প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। বড় দলের প্রতীক ব্যবহার করে জোটের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ থাকছে না।
এই অধ্যাদেশের ফলে নির্বাচন কমিশন দ্রুত দল ও প্রার্থীদের আচরণবিধি জারি করবে।
উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (Representation of the People Order – RPO) প্রথম প্রণয়ন করা হয় ১৯৭২ সালে। এরপর বিভিন্ন সময়ে সংশোধন আনা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে সংসদে পাস হয় সংশোধিত আইন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে।