ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে আসতে পারবেন না ড. জাকির নায়েক, সিদ্ধান্ত সরকারের

ঢাকা, ৫ নভেম্বর ২০২৫:
ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী, বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর ড. জাকির নায়েককে ঢাকায় আমন্ত্রণ জানাতে চায়। তার ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তার আগমনকে কেন্দ্র করে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থাপনায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, যা জাতীয় নির্বাচনপূর্ব সময়ে সম্ভব নয়।

সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনায় তার আগমন অনুমোদন দেওয়া যেতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ আনে। এরপর তিনি মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং পুত্রজায়ায় স্থায়ী বসবাসের অনুমতি পান।