চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাকে অবিলম্বে ওএসডি করা হলো। এর আগে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়।
দুদক সূত্রে জানা গেছে, ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সময় কামাল হোসেন নিজের জন্মদাতা পিতা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা হিসেবে উল্লেখ করেন। এভাবে তিনি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি পান। তদন্তে প্রমাণ পাওয়া গেছে, এই জালিয়াতির মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরিসহ বিভিন্ন সুবিধা ভোগ করেছেন।
গত বছরের ২৬ ডিসেম্বর দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার অগ্রগতির অংশ হিসেবে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার একদিন পরই তাকে ওএসডি করা হলো।
কামাল হোসেন এর আগে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার এবং নওগাঁর আত্রাই উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।