ফেনী, ৭ নভেম্বর ২০২৫:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার সকালে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেট আম্পায়ারের ‘রিভিউ’ ভঙ্গিতে হাত তুলে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।
জানা গেছে, ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন আলাল উদ্দিন আলাল। তবে গত ৩ নভেম্বর ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি শান্তিপূর্ণ ও ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ধানক্ষেতে দাঁড়িয়ে ‘নো ক্যাপশন’ লেখা ছবিটি পোস্ট করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ছবিটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, “ছবি যখন কথা বলে, তখন ক্যাপশনের দরকার পড়ে না।”
আলালের ঘনিষ্ঠজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে দলের আদেশ-নির্দেশ বাস্তবায়ন করেছেন এবং রাজনৈতিক প্রতিকূলতায় বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন। তাদের মতে, মনোনয়ন তার প্রাপ্য ছিল।
এ বিষয়ে জানতে চাইলে আলাল উদ্দিন বলেন, “ফেনীর রাজনীতি একসময় ‘লেবানন’ বা ‘ফেনী স্টাইল’ নামে পরিচিত ছিল। এখন আমরা প্রতিবাদের ভাষায় ভিন্নতা এনেছি। আগামী প্রজন্ম জানবে, প্রতিবাদ ভিন্ন হলেও তা গ্রহণযোগ্য।”
তিনি আরও বলেন, “আমি চাই, ফেনী-২ আসনটি পুনর্বিবেচনা করে রিভিউ করা হোক। তারেক রহমান যেন এই আবেদন বিবেচনা করেন।”
প্রসঙ্গত, বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় ফেনী-২ আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক জয়নাল আবদীন ভিপি।