ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে লাগেজ চোর সিন্ডিকেটের দাপট, নিরাপত্তা বলয়ের মধ্যেই একের পর এক চুরি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরি, তালা ভাঙা, আগ্নেয়াস্ত্র গায়েব এবং আনসার সদস্যের মোবাইল চুরির মতো একাধিক ঘটনা সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছে। এসব ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী যাত্রী, বিশ্লেষক এবং সংশ্লিষ্ট মহল।

সর্বশেষ ঘটনায়, কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সিলগালা করা স্ট্রংরুমের তালা ভেঙে মোবাইল ফোন চুরির চেষ্টা করেন এক দায়িত্বরত আনসার সদস্য। তার পোশাকের ভেতর থেকে ১৫টি পুরোনো মডেলের বাটন ফোন উদ্ধার করা হয়। আনসার বাহিনী তাকে বহিষ্কার ও কালো তালিকাভুক্ত করেছে।

এর আগে, ২ আগস্ট চেন্নাইগামী যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়। ৭ জানুয়ারি ওমরাহফেরত যাত্রী কাজী মোশতাক আহম্মেদের লাগেজ খোয়া যায়, যার ক্ষতিপূরণ হিসেবে মাত্র ১৯ হাজার টাকা দেওয়া হয়—যদিও তার দাবি অনুযায়ী ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৭০ হাজার টাকা।

বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে তিনটি লাগেজ চুরির অভিযোগ পাওয়া যায়। গত ছয় মাসে এমন অভিযোগের সংখ্যা ৫৪০টি।

সিভিল এভিয়েশনের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“বাইরে যতই নিরাপত্তা বলয় থাকুক, ভেতরে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেই বলেই সিন্ডিকেট এতটা বেপরোয়া।”

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন,
“চোর সফল হতে পারেনি, কারণ নিরাপত্তাবলয় ছিল। এটি ব্যক্তিগত অসাধুতা, যা পুরো বাহিনীর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে না।”

এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহেদুল আলম বলেন,
“বিমানবন্দরের মালিকানা সিভিল এভিয়েশনের, তাই ভালো-মন্দ সবকিছুর দায় তাদেরই নিতে হবে। দায়িত্ব এড়িয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, হাইকোর্টও সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরি ও নিরাপত্তা ব্যর্থতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির নির্দেশ দিয়েছে।