বিএনপি ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “নতুন প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল প্রস্তুত করেছি। ১৮ মাসে এক কোটি চাকরি দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন।”
বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো আলোচনা। জনগণের কথা সব সময় বলতে হবে। ৮ বছর আগে খালেদা জিয়ার দেওয়া ভিশন ২০৩০-এর ভিত্তিতে আমরা ২৭ দফা এবং পরে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছি, যা সরাসরি সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে তৈরি।”
তিনি আরও বলেন, “দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ সই হয়েছে। এর বাইরে গিয়ে নতুন ইস্যু তৈরি করা ঐকমত্যের প্রতি অসম্মান। বাস্তবায়নও ঐকমত্যের মাধ্যমেই হতে হবে।”
বিএনপির ৩১ দফা সংস্কার পরিকল্পনায় রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠন, অর্থনৈতিক উদারীকরণ, এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি।