গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। তাই জাতীয় নেত্রীর প্রতি সম্মান জানিয়ে গণঅধিকার পরিষদ এ আসনে কোনো প্রার্থী দেবে না।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুর বলেন, “সব রাজনৈতিক দলের উচিত খালেদা জিয়ার আসনে প্রার্থী না দিয়ে সম্মান প্রদর্শনের নতুন দৃষ্টান্ত স্থাপন করা।”
তিনি আরও বলেন, “কৃষকের ফসল উৎপাদনের সময় সরকার এলসি ওপেন করে, ফলে কৃষক ন্যায্যমূল্য পায় না। এতে কৃষিকাজে আগ্রহ হারায়।”
ভারতের উপর নির্ভরতা প্রসঙ্গে তিনি বলেন, “পেঁয়াজ ও কাঁচা মরিচের জন্য আমাদের ভারতের উপর নির্ভর করতে হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় উত্তরের মানুষ প্রতিবছর বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত হয়।”
নুর পররাষ্ট্রনীতি শক্তিশালীকরণ ও নতুন কৃষি নীতি প্রণয়নের আহ্বান জানান।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা, যার মধ্যে ছিলেন শহীদুল ইসলাম ফাহিম, হানিফ কান রাজিব, হাজী মো. কামাল, তোফায়েল আহম্মেদ রিয়াল, সারাফত হোসেন ও গোলাম আযম।