বাজারে হঠাৎ পেঁয়াজের দাম ১১৫ টাকা ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ করেছে। সংস্থাটি গত বৃহস্পতিবার বাণিজ্য সচিব ও কৃষি সচিবের কাছে এ সুপারিশ পাঠায়।
তবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহমান জানিয়েছেন, তারা এখনো ট্যারিফ কমিশনের কোনো চিঠি পাননি। ফলে এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই।
অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. জামাল উদ্দীন বলেন, দেশে এখনো তিন লাখ ৬০ হাজার টন পেঁয়াজ কৃষকের হাতে রয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক, সংকট নেই।
তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে আমদানির অনুমতি আদায়ের চেষ্টা করছে। গত বছর একই সময়ে দাম ১৫০ টাকা পর্যন্ত উঠলেও এবার তা হয়নি।
ট্যারিফ কমিশনের সুপারিশে বলা হয়েছে, মধ্যস্বত্বভোগীরা কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করছে। পার্শ্ববর্তী দেশে পেঁয়াজের দাম ৩০ টাকা হলেও দেশে তা ১১৫ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ডিসেম্বরের প্রথমার্ধে গ্রীষ্মকালীন ও মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে। ফলে আগামী দুই মাস কোনো সংকট হবে না।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, “দেশে ভালো উৎপাদন হলেও ব্যবসায়ীদের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।”