রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে টানা ১২৩ ঘণ্টা ধরে আমরণ অনশন করছেন ‘আম জনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান। রবিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন… ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো… ইউ গট মাই আনসার।”
গত ৪ নভেম্বর নিবন্ধন তালিকা থেকে ‘আম জনতার দল’ বাদ পড়ার পর থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসেন তারেক রহমান। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও তিনি অনড় রয়েছেন নিজের দাবিতে। শনিবার সরেজমিনে দেখা যায়, তার হাতে স্যালাইন লাগানো, চোখ বন্ধ করে শুয়ে আছেন, কথা বলতেও কষ্ট হচ্ছে।
তার আশপাশে জড়ো হয়েছেন সাধারণ মানুষ, কেউ সংহতি জানাতে, কেউ কেবল দেখতে। এ সময় নিজের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তারেক রহমান ধীরে বলেন, “অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে? পরে সেটা ৩৩ কিভাবে হয়েছে? এটা আমি মানতে পারছি না।”
ইসি থেকে কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সেদিন একজন উপসচিব এসেছিলেন, এরপর আর কেউ আসেনি। কোনো চিঠি বা বার্তা দেয়নি।”
শারীরিক অবস্থার বিষয়ে তারেক বলেন, “শরীরে অনেক ব্যথা করছে। তবে এমন অবস্থাতেও আমি অনশন চালিয়ে যেতে চাই।”
উল্লেখ্য, গত মঙ্গলবার নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর গণবিজ্ঞপ্তি জারি করে দাবি-আপত্তি গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। তালিকা থেকে বাদ পড়ে ‘আম জনতার দল’, যার প্রতিবাদে অনশনে বসেছেন তারেক রহমান।