ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিক হত্যা মামলাসহ ৫ মামলায় সাবেক মেয়র আইভী হাইকোর্টে জামিন পেলেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাসহ পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে জামিন মঞ্জুর করেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে গত মে মাসে মিনারুল হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় আইভী কারাবন্দি ছিলেন।

২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় আদমজী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।

ঘটনার দুই মাস পর, ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সেলিনা হায়াৎ আইভী ১২ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়।

গত ৯ মে পশ্চিম দেওভোগে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়।