ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাসে হাফেজ হওয়া সেই ক্ষুদে হাফেজকে সংবর্ধনা দিলেন ইউএনও

মাত্র ৬ মাস ৮ দিনে হাফেজ হওয়া শরীয়তপুরের নড়িয়ার সেই ক্ষুদে হাফেজ মুহাম্মাদ হাসানকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইউম খান।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদে হাফেজ হাসানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয় এবং তাকে নগদ ১০ হাজার টাকা উপহার প্রদান করা হয়।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইউম খান বলেন, “কালবেলা-এর সংবাদের মাধ্যমে জানতে পারি হাফেজ হাসান খুব অল্প সময়ে কুরআন হিফজ সম্পন্ন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছি। তার এই অর্জন সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।”

মাত্র ৯ বছর বয়সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে আলোচনায় আসে হাসান। শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল কুরআন কওমী মাদরাসার ছাত্র সে। মাত্র ৬ মাস ৮ দিনে পুরো কুরআন হিফজ সম্পন্ন করে সে দৃষ্টান্ত স্থাপন করেছে।

মাদরাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, “হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার নিয়মিত অধ্যবসায় ও কুরআনের প্রতি গভীর ভালোবাসার কারণেই এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। আজ ইউএনও মহোদয় তাকে সংবর্ধনা দিয়েছেন—এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্ব ও সম্মানের।”

হাসানের বাবা শওকত হাওলাদার বলেন, “আমার ছেলে কুরআন হিফজ সম্পন্ন করায় আমি অত্যন্ত আনন্দিত। উপজেলা প্রশাসনের এই সম্মান আমাদের পরিবারের জন্য বড় প্রাপ্তি।”

মুহাম্মাদ হাসানের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে। দুই বোনের একমাত্র ভাই এবং পরিবারের সবচেয়ে ছোট সন্তান সে।

তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষক, উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই তার জন্য দোয়া করেছেন—সে যেন ভবিষ্যতে একজন আদর্শ হাফেজে কুরআন ও ইসলামের খেদমতে নিবেদিতপ্রাণ আলেমে পরিণত হয়।