বরগুনা, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার রাত): বরগুনার সার্কিট হাউস মাঠের পূর্ব পাশে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে। রাত ১১টার পর এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নির্দেশনা অনুযায়ী এক যুবক কাঠি জ্বালিয়ে স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে। এরপর আরেকজন পেট্রল বোমা ছুড়ে অগ্নিসংযোগ ঘটায় এবং দ্রুত পালিয়ে যায়। ভিডিওতে হামলাকারীদের কথোপকথনও শোনা যায়।
বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বরগুনার সার্কিট হাউসের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না।”
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “আমরা খবর পেয়েছি, তবে ঘটনাস্থলে গিয়ে এরকম কোনো আলামত পাইনি। এটি আমাদের এলাকায় ঘটেছে কি না, তা নিশ্চিত নই। তবে নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত করে প্রকৃত ঘটনা ও দায়ীদের শনাক্ত করা হবে।