ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকের সন্তান হত্যায় প্রধান বিচারপতির নিন্দা, সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের আহ্বান

রাজশাহীতে বিচারকের বাসায় হামলায় তার ছেলে নিহত ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় তিনি এ ঘটনাকে “নৃশংস, অমানবিক ও গভীরভাবে বেদনাদায়ক” বলে উল্লেখ করেন।

প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এমন বর্বর হামলা শুধু নিন্দনীয়ই নয়, এটি বিচার বিভাগের নিরাপত্তা ও মর্যাদার ওপর আঘাত।” তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সমগ্র বিচার বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেন।

বার্তায় আরও বলা হয়, সুপ্রিম কোর্ট এ ঘটনার প্রতিটি অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে এক যুবকের হামলায় তার ছেলে নিহত হন এবং স্ত্রী গুরুতর আহত হন। ঘটনাটি দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।