রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সন্দেহভাজন হিসেবে আটক ১৪ বছর বয়সী কিশোর নির্জন আমিন খানকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে পরিবারের জিম্মায় ধানমন্ডি থানা থেকে মুক্তি দেওয়া হয়। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থানকালে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি নিজেকে কখনো ছাত্রদল, কখনো ছাত্রশিবিরের সদস্য বলে দাবি করে, যা বিভ্রান্তিকর বলে উল্লেখ করে পুলিশ।
পুলিশের দাবি, তার ব্যাগে পাওয়া কিছু কাগজপত্র ও আলামত দেখে তাকে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হয়। তবে যাচাই শেষে এসব অভিযোগের ভিত্তিতে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি।
রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, “কিশোরটি গ্রামের বাড়ি থেকে সকালে ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। তার বাড়িতে খোঁজ নিয়ে কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”