মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে দুর্বৃত্তরা আগুন দিলে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দগ্ধ চালককে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা গ্রামের বাসিন্দা।
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনের বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। চালক তাবেজ খান বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সময়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শিবালয় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।