নারায়ণগঞ্জ, ১৮ নভেম্বর ২০২৫: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে নতুন করে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুটি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, সদর থানায় দায়ের করা পুলিশ নির্যাতনের একটি মামলা এবং ফতুল্লা থানায় দায়ের করা চারটি হত্যা মামলার শুনানি হয়। পাঁচটি মামলাতেই পুলিশ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন অভিযুক্ত সাবেক মেয়র আইভী।
এর আগে গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে তিনি কারাগারে বন্দি আছেন। পরে আরও চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মোট ১০টি মামলায় আইভীকে আসামি করা হলো।
গত ৯ নভেম্বর হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দিয়েছিল। তবে পরদিনই সদর ও ফতুল্লা থানা পুলিশ নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছে।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “যে পাঁচটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে, কোনো মামলাতেই তার নাম নেই। তিনি এজাহারনামীয় আসামি নন। শুধুমাত্র জামিন ও কারামুক্তি বিলম্বিত করতে পুলিশ তড়িঘড়ি করে নতুন মামলায় গ্রেফতারের আবেদন করেছে।” তিনি জানান, এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।