ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে প্রভাষকদের মানববন্ধন

“নো প্রমোশন, নো ওয়ার্ক” স্লোগানে সারাদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পরিষদের চলমান আন্দোলনের অংশ হিসেবে শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। টানা তিন দিন ধরে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি চলছে।

রোববার সকালেও অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তব্য দেন প্রভাষক ছিদ্দিকুর রহমান, প্রভাষক মাসুম মিয়া এবং প্রভাষক কামরুল হাসান আশিক।

বক্তারা অভিযোগ করেন, প্রায় এক যুগ ধরে প্রভাষক পদে দায়িত্ব পালন করলেও তাঁদের পদোন্নতি দেওয়া হয়নি। যোগ্যতা, অভিজ্ঞতা ও সময় পূরণ সত্ত্বেও বারবার পদোন্নতি বঞ্চিত হওয়ায় তাঁরা গভীর ক্ষোভ প্রকাশ করেন।

তাঁরা আরও বলেন, পদোন্নতি প্রদান করলে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় বাড়বে না, কারণ এটি নিয়মিত কাঠামোর মধ্যেই পড়ে। তবুও বছরের পর বছর ধরে পদোন্নতি না দিয়ে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে।

বক্তারা দ্রুত পদোন্নতি বাস্তবায়নসহ সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলমান থাকবে।