ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীর অভিযোগ: ২০১৮ সালের নির্বাচনে ব্যবসায়ী সিন্ডিকেট থেকে ৮ হাজার কোটি টাকা নিয়েছিলেন হাসিনা

বগুড়া, ১৮ নভেম্বর ২০২৫: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা ব্যবসায়ী সিন্ডিকেট থেকে ৮ হাজার কোটি টাকা নিয়েছিলেন। এর মধ্যে ৩ হাজার কোটি টাকা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন বাহিনীকে ম্যানেজ করতে ব্যয় করা হয় এবং বাকি ৫ হাজার কোটি টাকা চারজন মিলে ভাগ করে নেন।

মঙ্গলবার বগুড়া শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বিনাভোটে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা শাসন ও বিচার বিভাগের ওপর নির্ভর করেছিলেন। তিনি আরও দাবি করেন, প্রতিশোধপরায়ণ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামীর ভিটা থেকে উচ্ছেদ করা হয়েছিল।

তারেক রহমানকে মানবতার দূত হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সভাপতি সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। বক্তব্য রাখেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনি।