ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হিংসা, সন্ত্রাস ও সহিংসতা দূর করতেই তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন’ —নুর উদ্দিন অপু

শরীয়তপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার প্রধান লক্ষ্যই হল এলাকায় বছরের পর বছর ধরে চলে আসা হিংসা, সন্ত্রাস ও সহিংসতার চক্র ভাঙা—এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও তরুণ নেতা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অপু বলেন,
“শরীয়তপুরে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠাই আমার প্রথম লক্ষ্য। তাই জনগণের প্রত্যাশা পূরণ ও পুরনো সহিংসতার রাজনীতি বন্ধ করতেই তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন।”

তিনি আরও বলেন, অতীতের নেতিবাচক অভিজ্ঞতার পুনরাবৃত্তি রোধে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
“এলাকার মানুষ যেকোনো সমস্যা বা দাবি-দাওয়া নিয়ে যেন নির্দ্বিধায় আমার কাছে আসতে পারেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—শরীয়তপুরকে একটি আধুনিক জেলায় রূপান্তরিত করতে এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে সর্বাত্মক চেষ্টা করব।”

গণসংযোগের সময় তিনি নাগেরপাড়া ইউনিয়নের জনবহুল বাজার, গ্রাম ও বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। আগামীর নির্বাচনে সবার কাছে ভোট ও দোয়া কামনা করেন। এরপর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

দিনব্যাপী গণসংযোগে বিভিন্ন ওয়ার্ডের শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তার উপস্থিতিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।