ঢাকা, ২২ নভেম্বর:
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার পিচ্চি আবির (২৪) দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে গজনবী রোড এলাকায় মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
সহযোগীরা হলেন আব্বাস (১৯) ও সিয়াম (১৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় সামুরাই অস্ত্র এবং দুটি ইলেকট্রিক শক যন্ত্র উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আবির দীর্ঘদিন ধরে রায়েরবাজার এলাকায় ছিনতাই ও কিশোর গ্যাং পরিচালনা করছিল। অভিযানে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) নেতৃত্বে এসআই আক্কেল আলী ও মো. শহিদুল ওসমান মাসুম অংশ নেন।
আবিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২০টি এবং ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে। তিনি গত ৫ আগস্ট কেরানীগঞ্জ জেল থেকে পালিয়ে যান। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে।