রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এসব ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি, নকশা অনুসরণ করা হয়নি এবং অনেক ভবন পুরোনো নকশায় তৈরি হয়েছে। এমনকি সরকারিভাবে নির্মিত নতুন ভবনের ৩৭ শতাংশকেও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রাজউকের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ লাখ ভবন দ্বিতল বা এর কম হওয়ায় তুলনামূলকভাবে ক্ষতির ঝুঁকি কম। তবে চার থেকে ৩০ তলা পর্যন্ত প্রায় ৬ লাখ ভবন উচ্চঝুঁকিতে রয়েছে। নগর পরিকল্পনাবিদরা সতর্ক করেছেন, বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে।
গত দুই দিনে তিনবার ভূমিকম্প হওয়ার পর রাজউক দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের উদ্যোগ নিয়েছে। শনিবার বংশালে ভবন পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, “পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ। মাত্র এক কাঠার কম জমিতেও পরিকল্পনা ছাড়া ৬-৭ তলা ভবন নির্মিত হয়েছে।”
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুক্রবার মিরপুরে সাংবাদিকদের বলেন, ঢাকার পুরোনো ভবনের প্রায় ৯০ শতাংশই বিল্ডিং কোড না মেনে তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “সাম্প্রতিক ভূমিকম্পগুলো স্পষ্ট সতর্কবার্তা। বিশেষ করে ঢাকা ও পুরান ঢাকা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে।”
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জরিপে দেখা যায়, অধিকাংশ ভবন ২০–৩০ বছর আগে নির্মিত। অনেক ক্ষেত্রে রড-সিমেন্টের মান নিয়ন্ত্রণ হয়নি, আবার অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত ভবন তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স বিভাগের একজন অধ্যাপক বলেন, “রাজধানীর অনেক এলাকায় মাটি ভবন নির্মাণের উপযোগী নয়। অনুমোদনহীন বহুতল ভবন ঝুঁকি আরও বাড়াচ্ছে।”
বিশেষজ্ঞরা জানান, অনেক ভবনে নেই ভূমিকম্প-সহনশীল নকশা, নেই সেফটি জোন বা খোলা জায়গা। সংকীর্ণ গলি, হাইরাইজ ভবন এবং অপরিকল্পিত বিদ্যুৎ-গ্যাস সংযোগ বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়াচ্ছে।
রাজউকের তথ্যমতে, শহরের ৭৪ শতাংশ ভবন নকশাবহির্ভূতভাবে গড়ে উঠেছে। ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের এক সেমিনারে জানানো হয়, ঢাকায় ২১ লাখ ৪৬ হাজার ভবন ঝুঁকিপূর্ণ। বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত জরিপে সরকারিভাবে নির্মিত নতুন ভবনের ৩৭ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ১৭ তলা ভবনসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান।
স্থপতি ও নগরবিদরা বলেন, ঢাকার ১৩ শতাংশ এলাকায় ভবন নির্মাণের অনুমতি নেই, তবুও সেখানে ভবন তৈরি হচ্ছে। ফলে রাজধানীতে বসবাস দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।