ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কোন কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না: ভাঙ্গুড়া বিএনপি আহ্বায়ক স্বপন’

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে আয়োজিত গণমিছিল শেষে বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন হুঁশিয়ারি দিয়ে বলেন, ধানের শীষ প্রতীকের বাইরে কেউ প্রার্থী হলে তাদের কোনো কেন্দ্রে এজেন্ট থাকতে পারবে না।

তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুরসহ পাবনা-৩ আসনের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে। তাকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা। সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে এবং পাল্টাপাল্টি কর্মসূচি চলছে।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী তুহিনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। এ সময় নূর-মুজাহিদ স্বপন বলেন, “আমরা ধানের শীষের বাইরের কেউ না। যদি কেউ ধানের শীষের বাইরে যায়, আমি ভাঙ্গুড়াবাসীর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, কোনো কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারবে না।”

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূর-মুজাহিদ স্বপন বলেন, তিনি বোঝাতে চেয়েছেন—বিএনপির সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তাদের উদ্দেশ্যেই এ বক্তব্য দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিএনপির সবাইকে একসাথে রাখার চেষ্টা করবেন।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, “নূর-মুজাহিদ স্বপন এতটা কাঁচা রাজনীতিবিদ নন। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।”