বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালে যান। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বেগম জিয়া। প্রেস উইং জানায়, মেডিকেল বোর্ডের পরামর্শেই তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।