রাজধানীর রামপুরায় জুলাই-আগস্টে আন্দোলনের সময় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন সকালে কর্নেল রেদোয়ানুল ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের হাজিরের সময় হাইকোর্টের প্রবেশপথ, ট্রাইব্যুনালের মূল ফটক ও আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্দোলনের সময় রামপুরায় বিজিবি কর্মকর্তাদের নেতৃত্বে গুলি চালানো হয়, যাতে ২৮ জন নিহত হন। প্রতিবেদনে রেদোয়ানুলকে সরাসরি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে। চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আলাদা ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।
অন্যদিকে, ট্রাইব্যুনাল-২ এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বর ধার্য করা হয়েছে। এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ৬ জন হত্যার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।