বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ারগিভার, টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য সৌদি আরব একটি প্রাতিষ্ঠানিক জি-টু-জি (সরকারি পর্যায়ে) ফ্রেমওয়ার্ক প্রস্তাব করেছে। সম্প্রতি রিয়াদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্টিং ও বিদেশি অফিসবিষয়ক মহাপরিচালক ড. মোহাম্মদ বিন হাসান আল-দুগাইসারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, বৈঠকে ২০২৪-২৫ সালে এক হাজার ২০০ জন বাংলাদেশি গ্র্যাজুয়েট নার্স নিয়োগের বিষয়টি প্রশংসিত হয়। বাংলাদেশি নার্সদের কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে সৌদি পক্ষ ইতিবাচক মতামত দেয়। একই সঙ্গে প্রশিক্ষণ, ভাষাজ্ঞান ও সামগ্রিক প্রস্তুতি উন্নয়নে পরামর্শ চাওয়া হয়।
বাংলাদেশ নার্সদের জন্য প্রোমেট্রিক পরীক্ষার ছাড় এবং সরকারি হাসপাতালের নিয়োগ মডেলের অনুরূপ ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করে। এছাড়া সৌদি কমিশন ফর হেলথ স্পেশালটিজ (এসসিএফএইচএস)-এর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়, যাতে মূল্যায়ন ও লাইসেন্সিং সহজ হয়। এ জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং পাঠ্যক্রম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্য খাতের পরিবর্তনের আগে উভয় পক্ষ একটি খসড়া চুক্তি চূড়ান্ত করেছিল, যা নতুন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করা যেতে পারে। বৈঠকে আরও জানানো হয়, সৌদি আরবে ক্রিটিক্যাল কেয়ার নার্সের ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশি নার্সরা সাধারণ ওয়ার্ডে টেকনিক্যাল নার্স হিসেবে কাজ করছেন।
বর্তমানে সৌদি আরবে স্বাস্থ্যকর্মী নিয়োগের দায়িত্ব পালন করছে হেলথ হোল্ডিং কোম্পানি (এইচএইচসি)। নার্স নিয়োগে সরকারি ও বেসরকারি উভয় খাতেই প্রোমেট্রিক পরীক্ষা, পেশাগত অভিজ্ঞতা, সৌদি হেলথ কাউন্সিল কর্তৃক যোগ্যতার স্বীকৃতি, লাইসেন্স এবং চিকিৎসাগত ত্রুটি কাভার করার জন্য বীমা বাধ্যতামূলক শর্ত হিসেবে রাখা হয়েছে।