একটি মাত্র রাস্তার ভাঙনে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ প্রায় দশ হাজার মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুলে যেতে না চাওয়া শিশু থেকে শুরু করে হাসপাতালে পৌঁছাতে না পারা রোগী—সবাই একই গতির প্রতিবন্ধকতায় জর্জরিত। এমন ভোগান্তি থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে আদর্শগ্রাম, আনুয়া কাঠি ও দাতরা গ্রামের শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নিয়ে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবি জানান।
১ কিলোমিটার রাস্তাই যেন হাজারো মানুষের দুঃখের কারণ, মেঘনা নদীর ভাঙনে হানিফা সরদারের বাড়ির মোড় থেকে আনুয়া কাঠি গ্রামের সুমন বেপারীর বাড়ির ব্রিজঘাটা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা এখন প্রায় নিশ্চিহ্ন। বছরের পর বছর ভাঙতে ভাঙতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এই রাস্তা ব্যবহার করে আদর্শগ্রাম, আনুয়া কাঠি ও দাতরা গ্রামের মানুষ কোনো কাজেই বের হতে পারেন না। বিশেষ করে জরুরি রোগী পরিবহনে ছোট যানবাহনও চলাচল করতে না পারায় প্রায়ই ঘটে বিপদজনক পরিস্থিতি।
রাস্তা এতটাই বিপজ্জনক যে একটু পা পিছলে গেলেই পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে ছোট শিশুদের প্রতিদিন হাত ধরে স্কুলে নিয়ে যেতে হয়। কৃষক পরিবারের পক্ষে প্রতিদিন এভাবে যাতায়াত করানো সম্ভব না হওয়ায় অনেকেই স্কুলে যাওয়া কমিয়ে দিয়েছে।
রাস্তা ভাঙনের কারণে ধান, মরিচ, পাট, সয়াবিন, কালিজিরা, ধনিয়া, গম, সরিষা, মসুর, ভুট্টা, খেসারি—কোনো ফসলই ঠিকমতো বাজারে নিতে পারেন না কৃষকরা। যানবাহন না পাওয়া, খরচ বেশি পড়া ও ঝুঁকি বেশি হওয়ায় কৃষকদের প্রতি বছর লোকসান গুনতে হয়।
স্থানীয় নারী তাছলিমা বেগম বলেন, “অসুস্থ অবস্থায় আমাকে হাসপাতালেও নিতে পারেনি এই রাস্তাটির জন্য। একজন গর্ভবতী মহিলা তো দূরের কথা, সাধারণ অসুস্থ মানুষকেও ধরাধরি করে নেওয়া সম্ভব না। এই রাস্তা আমাদের বাঁচার জন্য দরকার।”
প্রতিদিন রাস্তাটি দিয়ে মসজিদে যান এজাত আল মাহমুদ। তিনি বলেন, “এশারের নামাজ পড়তে গেলেই পড়ে যাওয়ার ভয় থাকে। আমাদের শিশুরা স্কুল–মাদরাসায় যেতে চায় না। ফসল বিক্রি করতেও পারি না। আমরা চাই সরকার দ্রুত রাস্তাটি ঠিক করুক।”
গোসাইরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহমুদ আব্বাস বলেন, “এই রাস্তায় গ্রামের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না, প্যাগনেন্ট মা–বৃদ্ধ কেউই হাসপাতালে যেতে পারে না—এটা চরম মানবিক সংকট। বিএনপি সরকার গঠন করলে রাস্তাটি সংস্কারে সর্বোচ্চ পর্যায়ে কাজ করব।”
গোসাইরহাট উপজেলা ইঞ্জিনিয়ার ওবাইদুল বাসার জানান, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”